
নাজমুল চৌধুরী নাহিদ, নিজস্ব প্রতিনিধি
আজ ৬ জানুয়ারি ২০২৬
শীতার্ত মানুষের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ নিয়েছে ডেবোনেয়ার গ্রুপ। মানিকগঞ্জের কৃতি সন্তান ও স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান ডেবোনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আইয়ুব খানের নেতৃত্বে মানিকগঞ্জ জেলা, হরিরামপুর উপজেলা এবং পার্শ্ববর্তী ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় পর্যায়ক্রমে ২০ হাজার কম্বল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
সম্প্রতি মানিকগঞ্জের ধূলশুরা এলাকায় এই মানবিক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ডেবোনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আইয়ুব খান নিজ হাতে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
এ সময় মোঃ আইয়ুব খান বলেন,
“মানুষ মানুষের জন্য—এই মানবিক চেতনাই আমাদের পথচলার মূল প্রেরণা। শীতের কষ্টে যেন কেউ অসহায় না থাকে, সে লক্ষ্যেই মানিকগঞ্জের পাশাপাশি দোহার ও নবাবগঞ্জ এলাকাতেও এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও মানবতার সেবায় ডেবোনেয়ার গ্রুপের উদ্যোগ অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবক ও ডেবোনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আইয়ুব খানের ছোট ভাই জনাব মোঃ আকিবুল খান। তিনি বলেন, শীতবস্ত্র বিতরণ কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে ডেবোনেয়ার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জনাব আওলাদ খান, জনাব নিজাম খান, ইনিয়াত খান, ইলিয়াস খান ও জনাব শাহীন মির্ধা। কম্বল বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন মিরাজ খান ও অনিক খান।
কম্বল পেয়ে শীতার্ত মানুষজন সন্তোষ ও স্বস্তি প্রকাশ করেন এবং এই মানবিক উদ্যোগের জন্য ডেবোনেয়ার গ্রুপ ও এর ব্যবস্থাপনা পরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, ডেবোনেয়ার গ্রুপ শিল্প ও ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি দীর্ঘদিন ধরে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। মানিকগঞ্জ ও দোহার–নবাবগঞ্জ এলাকায় একযোগে ২০ হাজার কম্বল বিতরণ কার্যক্রম প্রতিষ্ঠানটির মানবিক দায়বদ্ধতা ও সামাজিক সচেতনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।












